হবিগঞ্জ পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে উত্তরকুল মৌজায় পৌরসভার প্রস্তাবিত নিজস্ব ল্যান্ডফিল পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মঈনুল হক। জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের তাগিদে হবিগঞ্জ পৌরসভা পৌরএলাকার বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে নিজস্ব ল্যান্ডফিল (ডাম্পিং স্টেশন) বাস্তবায়নে কর্মতৎপরতা গতিশীল করার পদক্ষেপ নিচ্ছে। বুধবার বিকেলে হবিগঞ্জ শহর হতে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দুরে উত্তরকুল মৌজায় অবস্থিত পৌরসভার প্রস্তাবিত নিজস্ব ল্যান্ডফিলের জমি পরিদর্শন করতে যান পৌর প্রশাসক। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আরো উন্নত করতে নিজস্ব ল্যান্ডফিল বাস্তবায়ন ও উন্নয়ন খুবই গুরুত্বপূর্ন। তাই এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভা প্রস্তাবিত জমিটিতে ল্যান্ডফিল বাস্তবায়নে প্রক্রিয়াধীন কর্মকান্ড গতিশীল করতে উদ্যোগ নিয়েছে।









