হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্ট হতে তিনকোনা পুকুর পর্যন্ত ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মংগলবার সকাল হতে দুপুর পর্যন্ত সময়ে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং এত সহযোগিতা করে সদর থানা পুলিশের একটি টীম। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথ্বিশ চাকমা, সাথে ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। উচ্ছেদ অভিযানে শায়েস্তানগর পয়েন্ট, জেকে হাইস্কুলের সামনে, থানার মোড়, সদর হাসপাতালের আশপাশ, সবুজবাগে অবস্থিত বিভিন্ন প্রাইভেট হাসপাতালের সামনে এবং তিনকোনা পুকুর পাড়ে অর্ধশতাধিক ভাসমান অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় তিনটি প্রাইভেট ক্লিনিকের সামনে অবৈধ পার্কিং করায় তিনটি প্রাইভেট ক্লিনিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানে সামনে ফুটপাত দখল করে রাখায় ৩ টি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য,গত ২ দিন পৌর কর্তৃপক্ষ শহরের যানজট নিরসনে নম্বরবিহীন অর্ধশতাধিক টমটম জব্দ করে পৌরসভায় আটক করে রেখেছে। যানজট নিরসনে অবৈধ টমটম জব্দ অভিযান এবং একই সাথে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে পৌর নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।










