শারদীয় দুর্গাপূজায় পূজা কমিটির নেতৃবৃন্দ যে দাবীগুলো করেছেন তা পূরন
করার জন্য হবিগঞ্জ পৌরসভা সাধ্যমতো চেষ্টা করেছে। চলমান কাজগুলোও সম্পন্ন
করবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। তিনি
সোমবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
পূজাকমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভার সক্ষমতা ও
সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু নিষ্টা, ঐকান্তিকা ও আগ্রহের কোন
কমতি নেই।’ তিনি গত ২৪ সেপ্টেম্বর পূজানেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত
হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভায় উত্থাপিত বিভিন্ন চাহিদার কথা উল্লেখ
করেন। ইতিমধ্যে সেই কাজগুলোর অনেকটাই সুষ্টু ও সুন্দরভাবে সম্পন্ন করা
হয়েছে। বাকী কাজগুলোও সম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্থ
করেন।
পৌর প্রশাসক মোঃ মঈনুল হক বলেন,‘দুর্গাপূজা উৎসবে কোন গুজবে কান
দেয়া ঠিক হবে না। যে কোন ঘটনা বা সংবাদকে ভালো করে সত্যতা যাচাই
বাচাই না করে তা শেয়ার করা বা প্রচার করা যাবে না।’
মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ
পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। পূজা
কমিটির নেতৃবৃন্দও তাদের পূজা উৎসবে সকলকে আমন্ত্রন জানান। সাথে সাথে
পৌরসভা সেবা প্রদান ও উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে হবিগঞ্জ পৌরএলাকার ৩৫ টি পূজা মন্ডপের প্রতিটিতে ১৫
হাজার টাকা করে অনুদান তুলে দেয়া হয় সংশ্লিষ্ট মন্ডপ কমিটির প্রতিনিধবৃন্দের
হাতে।










