পরিচ্ছন্নতাকর্মী কালা মিয়ার মৃত্যুতে মরহুমের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক মরহুম কালা মিয়ার পরিবারের সহায়তায় এই অনুদান বরাদ্দ দেন। বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিয়ালদাড়িয়া গ্রামে মরহুম কালা মিয়ার স্ত্রীর হাতে অনুদানের টাকা তুলে দেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। এ সময় মরহুম কালা মিয়ার পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন,‘কালা মিয়া দীর্ঘ ২০ বছরেরও বেশী সময় ধরে হবিগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি সৎ ও অত্যন্ত দায়িত্বশীল কর্মী ছিলেন। পৌরসভাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কালা মিয়া ও তার মতো পরিচ্ছন্নতাকর্মীরা অমানুষিক পরিশ্রম করে থাকেন। কালা মিয়াও দীর্ঘদিন এই দায়িত্বে থেকে শহরকে পরিচ্ছন্ন রাখতে কঠোর পরিশ্রম করেছেন। তার মৃত্যুর পর হবিগঞ্জ পৌরকর্তৃপক্ষ তার পরিবারের সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে।’
উল্লেখ্য, গত ২৯ মার্চ দিবাগত রাত কালা মিয়া অসুস্থতাজনিত কারনে শিয়ালদাড়িয়া গ্রামে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি প্রায় ২০ বছর যাবত হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বেশ কিছুদিন হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলানায়তনের নৈশ প্রহরী হিসেবেও কাজ করেন।








