হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছের সাথে সাক্ষাত করেছেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে সংসদ সদস্যের বাসভবনে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ পৌরসভার প্রতিটি শাখার কার্যক্রমের খোজ-খবর নেন। তিনি বলেন,‘পৌরবাসীর সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগ ও শাখার কর্মকান্ড গতিশীল করতে হবে। কোন একটি শাখার কর্মকান্ড স্থগিত থাকলে পৌরসভার কার্যক্রম চলতে পারে না। তাই প্রতিটি শাখার কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে গতিশীল রাখতে হবে।’ আলহাজ্ব মোঃ জি কে গউছ আরো বলেন,‘পৌরসভার অর্থ ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। সাথে সাথে যে কর্মকান্ড পৌরবাসীর দুর্ভোগ দুর হয় সেই কাজে অর্থ ব্যয় করতে হবে।’ তিনি বলেন,‘জনগনের কল্যাণে যে কর্মসূচীগুলো পূর্বে পৌরসভার পক্ষ হতে পালন করা হতো সেগুলো পুনরায় চালু করতে হবে।’ সংসদ সদস্য বলেন,‘পৌরসভার উন্নয়নে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো সকলের মতামত ও পরামর্শক্রমে নির্নয় করতে হবে।’ এব্যাপার তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বর্তমানে পৌরসভার কর্মকান্ডের কিছু চিত্র তুলে ধরেন। অর্থবছরের শুরুতেই ট্যাক্স ও ননট্যাক্স আদায়ে পৌরসভার সাফল্যের বর্ননা দেন। এছাড়াও তিনি পেনশন, গ্রাচুয়িটিসহ ন্যায্য পাওনাগুলো যাতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন পেতে পারেন সেব্যাপারে হুইপ, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছের সহযোগিতা কামনা করেন।










