হবিগঞ্জ পৌরসভার এক্সকেভেটর বিকল হওয়ার কারনে পৌরএলাকার বর্জ্য অপসারন দু’দিন বন্ধ থাকার পর বর্জ্য অপসারনে বিশেষ ব্যবস্থা নিয়েছে পৌরসভা। গত সোমবার ও মঙ্গলবার পৌরসভার এক্সকেভেটর নস্ট হওয়ায় উত্তরকুল মৌজায় অবস্থিতি ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারন করতে পারেনি পৌরসভা। ফলে আনসার অফিসের পাশে পৌরসভার এসটিএস ও রাস্তায় বর্জ্য স্তুপিকৃত হয়ে পড়ে। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের নির্দেশে বুধবার সকাল থেকে অতিরিক্ত ট্রাক্টর ভাড়া করে বর্জ্য অপসারণ কাজ শুরু করে পৌরসভা। বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ওই স্পট পরিদর্শন করেন। তিনি বলেন ‘হবিগঞ্জ পৌরএলাকা হতে প্রতিদিন প্রায় ৩০ মেট্রিক টন বর্জ্য শহর হতে সাড়ে ৪ কিলোমিটার দুরে উত্তরকুল মৌজায় পৌরসভার ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়। প্রতিদিন পৌরসভার দুটি এক্সকেভেটর ও ৪ টি ডাম্প ট্রাক এ কাজে নিয়োজিত থাকে। একটি এক্সকেভেটর আনসার অফিসের পাশে এসটিএসে এবং অন্যটি মির্জাপুরে পৌরসভার ডাম্পিং স্টেশনে কাজ করে। সম্প্রতি অপ্রত্যাশিতভাবে বাইপাস সংলগ্ন এসটিএসের এক্সকেভেটর নস্ট হয়ে যাওয়ায় বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। ফলে সারা শহরের বর্জ্য স্তুপিকৃত হয়ে পড়ে।’ তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভা মঙ্গলবার বিকেলেই জরুরী ভিত্তিতে এক্সকেভেটর সচল করে। পরদিন অর্থাৎ বুধবার সকাল থেকেই অতিরিক্ত ৪ টি ট্রাক্টর ভাড়া করে বর্জ্য অপসারণ কাজ তরান্বিত করা হয়। এ উদ্যোগ অব্যাহত রাখা হবে।’









