উত্তরকুল মৌজায় অবস্থিত পৌরসভার ল্যান্ডফিলের সামনের রাস্তায় ইট-বালু ফেলা হয়েছে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে। বুধবার সকালে এ কাজ পরিদর্শনের জন্য ল্যান্ডফিল রাস্তায় যান হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। এ সময় তিনি ভিডিও কনভারসেশনে আলাপ করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সাথে। পৌর নির্বাহী কর্মকর্তা ল্যান্ডফিলে নিয়োজিত ভাড়াকৃত এক্সকেভেটরের কাজের পরিস্থিতি এবং রাস্তায় ইট-বালু ফেলার কাজ সম্পর্কে প্রশাসক মোঃ মঈনুল হককে অবহিত করেন। এছাড়াও তিনি এলাকাবাসীর সাথে আলাপ করেন। রাস্তায় ইট ও বালু ফেলার কারনে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে। তারা ওই রাস্তা স্থায়ীভাবে মেরামতের দাবী জানায়। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন,‘এই রাস্তা পানি উন্নয়ন বোর্ডের আওতায় রয়েছে। ইতিমধ্যে আলমবাজার হতে ল্যান্ডফিল্ড পর্যন্ত রাস্তা মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে চিঠি দেয়া হয়েছে। বর্তমানে রাস্তায় গর্ত হয়ে যাওয়ার কারনে চলাচল ও বর্জ্য অপসারণ কাজ বাধগ্রস্থ হচ্ছে। তাই ইটবালু দিয়ে অস্থায়ীভাবে গর্ত ভরাট করে দেয়া হচ্ছে। এতে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে।’









