হবিগঞ্জ পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ। সোমবার সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের জলাশয়ে এ পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জি কে গউছ বলেন, ‘সরকার সবাইকে উৎসাহিত করছে যাতে আমরা নিজেদের কম্পাউন্ড নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমাদের সীমিত সম্পদের মধ্যেও আমরা যদি নিজ নিজ অবস্থানে থেকে চেষ্টা করি তাহলে আমরা একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর দেশ উপহার দিতে পারব।’
তিনি বলেন,‘আমরা যেন নিজেদের দায়িত্ব নিজেরা পালন করি, আমরা যেন কোন দুর্নীতি না করি এবং কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় না দেই। বিভিন্ন সময়ে রাষ্ট্রের পরিবর্তনের জন্য বিশেষকরে ২০২৪ সালে যারা পরিবর্তিত একটি বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা যার যার অবস্থানে থেকে কাজ করে যাবো-এটাই হোক আমাদের অঙ্গিকার।
তিনি বলেন,‘আমি হবিগঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানাই। সীমিত লোকবল, অর্থের স্বল্পতার মধ্যেও তারা পৌরসভাকে সুন্দর রাখতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
পরে প্রধান অতিথি পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের জলাশয়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে। সাথে সাথে মশক নিধন ঔষধ স্প্রে করা হয়।









