মানুষ অনেক আশা-ভরসা নিয়ে আমাদের ২৪ এর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি নতুন সরকারকে রাষ্ট্র পরিচালনা ও মানুষের খেদমত করার দায়িত্ব দিয়েছে। আমরা যেন মানুষের সেই প্রত্যাশা পুরন করতে পারি।-সোমবার হবিগঞ্জ শহরের শিরিষতলায় ভিজিএফের আওতায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ এর সংসদ সদস্য হুইপ আলহাজ¦ জি, কে গউছ। তিনি বলেন, ‘আজকে যেভাবে চাল পেয়েছে এধরনের সহায়তা চলতেই থাকবে।’ প্রধান অতিথি বলেন,‘সাধারণ মানুষের সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ছুটে বেড়াচ্ছেন। আজ ভোরে আমি খাল খনন কর্মসূচীতে চুনারুঘাট গিয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে গেছেন। একযোগে দেশের ৫৩ টি জেলায় আমরা এই খাল খনন কর্মসূচী শুরু করেছি।’ তিনি দেশের মানুষের খেদমতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
হবিগঞ্জ পৌরসভা বেলা ২ টা ৩০ মিনিটে শহরের শিরিষতলায় ভিজিএফের আওতায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভা ৯ টি ওয়াডের্র ৯ টি কেন্দ্রে ভিজিএফের চাল বিতরণ করে। এই কর্মসূচীর আওতায় পৌরএলাকার মোট ৪ হাজার ৬শ ২৫ জন কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেয়া হয়।









