২ মাস আটক রাখার পর মুছলেকা রেখে হবিগঞ্জ পৌরসভা থেকে ছেড়ে
দেয়া হয়েছে আটককৃত ৯৭ টি অবৈধ টমটম। রবিবার সকালে
হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হবিগঞ্জ-৩
আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছের উপস্থিতিতে এ
সিদ্ধান্ত নেয় হবিগঞ্জ পৌরকর্তৃপক্ষ। হুইপ অবৈধ টমটমের মালিক-
শ্রমিকদের অঙ্গিকার করতে বলেন এই বলে যে,‘আমরা ভবিষ্যতে কোন
অন্যায় করবো না, কোন অন্যায়কারীকে আমরা সহায়তা করবো না।’
তিনি বলেন ‘পৌরসভার অবৈধ টমটম আটক করার অভিযান চলতে
থাকবে। যতক্ষন পর্যন্ত স্বাভাবিক অবস্থা ফিরে না আসে। আপনারা কর্ম
করে জীবিকা নির্বাহ করেন, আমরা চাই আপনারা যেখানে টমটম
চালানো বৈধ সেখানে টমটম চালাবেন। পৌরএলাকার ভিতর কোন
অনুমতি না থাকা সত্বেও যারা পৌরএলাকায় অবৈধভাবে প্রবেশ
করেছেন তারা অন্যায় করেছেন।’
তিনি পৌর কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন,‘এর আগে আটককৃত টমটম
জরিমানা আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। এবার যেহেতু বেশী
সময় আটক রাখা হয়েছে। তারা সবাই অপেক্ষা করছে তাদের টমটম নিয়ে
পবিরার পরিজনের কাছে যাবে। মানবিক দিক বিবেচনা করে প্রতিষ্ঠানের
পক্ষে যদি সম্ভব হয় তাহলে এদেরকে অঙ্গীকার নামায় স্বাক্ষর রেখে বিনা
জরিমানায় ছেড়ে দেয়ার অনুরোধ করবো।’ তিনি আরো
বলেন,‘ভবিষ্যতে আবারো একই অন্যায় করলে কঠিনভাবে ব্যবস্থা নেয়া
হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শহরে সকল ধরনের অবৈধ যানবাহনের
বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। পক্ষান্তরে, যদি কেউ সমিতির
নামে বা কোন রাজনৈতিক নেতার নামে কোন ড্রাইভারের কাছ থেকে এক টাকাও চাদা নেয় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ
করা হবে।’
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক বলেন, ‘বিশেষ পরিস্থিতি
বিবেচনায় হুইপ মহোদয়ের অনুরোধে এবারের মতো আটককৃত টমটম
ছেড়ে দেয়া হলো। তবে আপনাদের অঙ্গিকার করতে হবে যে অবৈধ টমটম
নিয়ে শহরে চলাচল করবেন না। আপনারা নিজেরা সচেতন হবেন এবং
অন্যকে সচেতন করবেন। এই অন্যায়টা আর কখনোই করা যাবে না।
পরবর্তীতে অবৈধ টমটম আটক করা হলে এভাবে আর ছাড়া হবে না।’
আলহাজ্ব মোঃ জি কে গউছ টমটমের সাথে সংশ্লিষ্টদের সাথে
আলোচনার পর হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন। তিনি
প্রতিটি রুমে রুমে যান এবং কর্মরত ষ্টাফদের সাথে আলাপ করেন।
পৌরসভার কর্মকান্ড যাতে বেগবান হয় এবং সবাই যাতে আন্তরিকভাবে
নিজ নিজ দায়িত্ব পালন করেন সে ব্যাপারে সকলের প্রতি আহবান
জানান। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী
কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল সহ অন্যান্য কর্মকর্তা ও
কর্মচারীবৃন্দ।










