শারদীয় দুর্গাপূজা উৎসবে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরএলাকার দুটি ঘাটলায় বুধবার সুষ্টু ও শান্তিপূর্নভাবে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন পর্ব সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা হবিগঞ্জ পৌরসভায় সুন্দর ও শন্তিপূর্নভাবে শেষ হলো। দুর্গাপূজাকে শান্তিপূর্ন ও উৎসবমুখর করতে হবিগঞ্জ পৌরসভা প্রায় এক মাস পূর্ব হতে নানা কর্মসূচী পালন করে। পৌর এলাকার ৩৫ টি পূজা মন্ডপকে কেন্দ্র করে পৌর এলাকায় রাস্তা মেরামত, ট্রাফিক নিয়ন্ত্রন, পরিস্কার পরিচ্ছন্নতা, গাছের ডাল কাটা, মশক নিধন অভিযান, পানি সরবরাহ, সড়ক বাতি লাগনো, পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে সমন্বয় সাধন, খোয়াইমুখ পৌরঘাটলা ও মাছুলিয়া ঘাটলায় মাটি ভরাট, বর্জ্য অপসারণ, মাছুলিয়া ঘাটলায় বস্তা ফেলা, খোয়াইমুখ ঘাটলায় ডেকোরেটার্স কর্তৃক সজ্জা, মঞ্চ ও আশপাশে ব্লিচিং পাউডার ছিটানো ইত্যাদি কাজ করা হয়। ট্রফিক নিয়ন্ত্রনে অর্ধেক সংখ্যক টমটম পূজার সময় চলাচলের নিয়ম করে শহরের যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারটিকে সাধুবাদ জানিয়ে হবিগঞ্জের বিভিন্ন দৈনিক পত্রিকায় আর্টিকেল ছাপা হয়। ১২ অক্টোবর হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ৩৫ টি পূজামন্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয় আনুষ্ঠানিকভাবে।
এর আগে হবিগঞ্জ পৌরসভা ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূজার প্রায় একমাস পূর্বে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। ওই সভায় পূজাকে সুষ্টু, শান্তিপূর্ন ও উৎসবমুখর করতে নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহনের কথা তুলে ধরা হয় পৌরসভার পক্ষ হতে। অংশগ্রহনকারীরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বুধবার গভীর রাত পর্যন্ত খোয়াই মুখ ঘাটলায় চলে প্রতিমা বিসর্জনের পর্ব। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে ওই অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হবিগঞ্জ পৌরসভাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূজা উদযাপন ফ্রন্ট হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক ডা. অনুজ কান্তি দাশ পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘উনাদের সামর্থ্যরে লিমিটেশন আছে, কিন্তু ইচ্ছা ও আন্তরিকতার কোন কমতি ছিল না। আপনাদের সবাইকে পৌর পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা। বিশেষকরে আপনাদের পরিচ্ছন্নতাকর্মীসহ কর্মচারীদের এ কয়দিন দিন-রাতের পরিশ্রমকে সম্মান জানাই।’
এদিকে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক ও পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী পূজা উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









