স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন। রবিবার বেলা সাড়ে তিনটায় তিনি হবিগঞ্জ পৌর ভবনে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আশরাফুর রহমান হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শাখা প্রধানদের সাথে আলাপ করেন। লক্ষ্যমাত্রা অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন। কর নির্ধারণী অনুসরণ করে যথাযথভাবে শতভাগ কর আদায়ে সচেষ্ট হতে তিনি আন্তরিকভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। ডেঙ্গু মোকাবেলায় পরিচ্ছন্নতা এবং মশক নিধনের উপরও জোর দেন তিনি। এছাড়াও নাগরিক সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে কাজ করে যাওয়ার নির্দেশ দেন। পরে তিনি হবিগঞ্জ পৌরসভার পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন।









