বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জি, কে গউছ বলেন ‘আমরা হবিগঞ্জের মানুষের জনদুর্ভোগ লাঘব করতে চাই। বিশেষকরে হবিগঞ্জ পৌরসভায় আমাদের বেশকিছু কাজ বাকী রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে চাই।
তিনি শুক্রবার বিকেলে পৌরকর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন,‘ হবিগঞ্জে একটি ট্রাক টার্মিনাল প্রয়োজন, যানজট নিরসনে মাছুলিয়া হতে কিবরিয়া ব্রীজ পর্যন্ত খোয়াই নদীর উভয় পাড়ে আরসিসি রাস্তা করা প্রয়োজন, কিবরিয়া পৌর মিলনায়তন নতুন করে প্রকল্প গ্রহন করা প্রয়োজন ইত্যাদি সব কাজ দ্রুত বাস্তবায়ন করতে ব্যবস্থা গ্রহন করা হবে।’ তিনি বলেন ‘আমি কাজের মানুষ। এই পৌরসভায় দুর্নীতিমুক্ত থেকে আমি জনগনের জন্য কাজ করেছি। এই পৌরসভা মানুষের কাছে আমার গ্রহনযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। হবিগঞ্জ পৌরসভায় যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে অনেকেই আজ পৃথিবীতে নেই। তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আত্মার শান্তি কামনা করছি, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামানা করছি। এখনো যারা কাজ করছেন তারা যে দলমত, ধর্মবর্ণের হোন না কেন ভাই হিসেবে সব সময় আমাকে পাশে পাবেন।’ তিনি সবাইকে যার যার অবস্থানে থেকে নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহবান জানান।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জি, কে গউছ শুক্রবার হবিগঞ্জ পৌরসভায় কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। বেলা ৩ টায় হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হলে হবিগঞ্জ পৌরসভার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের পবিত্র ঈদ উল ফিতরের সম্মানীভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেল ৪-৪৫ মিনিটে টাউন মডেল পুকুরের ওয়াকওয়ে উদ্বোধন করেন। বিকেল ৫-১০ মিনিটে পৌরসভা প্রাঙ্গনে মহিলাদের জন্য সংরক্ষিত ১০ টা টমটম উদ্বোধন করেন। ৫-৩০ মিনিটে তিনি হবিগঞ্জ পৌরসভার কমকর্তা-কর্মচারী ও সাবেক পৌরকমিশনার ও পৌরকাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় তিনি হবিগঞ্জ পৌরভবনে সবার সাথে ইফতার করেন। প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।












