টমটম চালকদের জন্যে হবিগঞ্জ পৌরসভার দুদিন ব্যাপী প্রশিক্ষণ ॥শহরে মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারেসে ব্যাপারে টমটম চালকদের সতর্ক থাকতে হবে-জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ॥

হবিগঞ্জ শহরের টমটম চালকদেরকে যান চলাচলে শৃংখলা মেনে চলার আহবান জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বুধবার পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত টমটম চালকদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। জেলা প্রশাসক বলেন,‘যান চলাচলে শৃংখলা আনতে হবিগঞ্জ পৌরসভা অনেক অর্থকড়ি ব্যয় করছে, অনেক সময় ব্যয় করছে। পৌরসভা যেভাবে নির্দেশনা দেয় সে নির্দেশনা মেনে চলতে হবে।, তিনি আরো বলেন,‘যান চলাচলের ক্ষেত্রে যে শৃংখলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’ জেলা প্রশাসক বলেন,‘টমটম চালকদের ধুমপান মুক্ত থাকতে হবে। এছাড়াও যদি কেউ মাদকাসক্ত থাকেন তাকে বদ অভ্যাস ছেড়ে দিতে হবে।’ তিনি বলেন,‘মাদকাসক্তি ছাড়তে আত্মবিশ^াস থাকতে হবে। চালকদের ডোপ টেস্ট করা হবে। মাদকাসক্তি ছাড়তে প্রশাসনের পক্ষ হতে সহযোগিতা করা হবে।’ জেলা প্রশাসক টমটম চালকদের উদ্দেশে বলেন,‘হবিগঞ্জ আমাদের সবার শহর। মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে সে ব্যাপারে আপনাদেরকে সচেতন হতে হবে। এছাড়াও যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।’
হবিগঞ্জ নিবন্ধনকৃত টমটম চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য পৌর টাউন হলে দুদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার আয়োজনে দুইদিন ব্যাপী ঐ প্রশিক্ষণ শুরু হয়। পৌরসভার ১৩০০ চালকদের মধ্যে ৬৫০ টি টমটমের চালকদের প্রশিক্ষণ দেয়া হয় প্রথম দিন। বুধবার প্রশিক্ষণ দেয়া হয় বাকি ৬৫০ জন চালকে। বুধবার প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, সভাপতিত্ত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ ম‌ঈনুল হক। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও সদর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুন নুর। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নবনিযুক্ত ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
অনুষ্ঠানের শেষে ধুমপানমুক্ত হবিগঞ্জ গড়ার লক্ষে অংশগ্রহনকারী টমটম চালকদের শপথ পাঠ করান জেলা প্রশাসক। পরে জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
টমটম চালকদের আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা দুদিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *