২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান হবিগঞ্জ পৌরসভার ॥ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে যার যার অফিস, বাসা-বাড়ী আমরা নিজেরা পরিচ্ছন্ন রাখবো- জেলা প্রশাসক

‘আমাদের দেশে প্রতিবছর অনেক মানুষ মারা যায় ডেঙ্গু, চিকনগুনিয়া ইত্যাদি রোগে। আমরা যদি নিজেরা একটু সচেতন হই, উদ্যোগী হই, পরিস্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, আশে পাশে ময়লা-আবর্জনা না ফেলি, তাহলেই ভয়াবহ দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি।’-সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীন এসব কথা বলেন। তিনি বলেন,‘মালয়েশিয়া, সিঙ্গাপুরে আজ থেকে ৩০ বছর আগে অনেক পিছনে ছিল। তাদের দেশের মানুষই বর্তমানের এই উন্নতি সাধন করেছে। আমরা কেন পারবো না? আমরা যদি যার যার অবস্থান থেকে সমন্বিতভাবে কাজ করি অবশ্যই আমাদের দেশ পরিবর্তন হবে। আমরা যার যার অফিস, বাসা-বাড়ী নিজেরা পরিচ্ছন্ন রাখবো।’ জেলা প্রশাসক বলেন,‘একটি মার্কেট পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ওই মার্কেটের ব্যবসায়ীদের। কারন ক্রেতারা যাতে আবর্জনামুক্ত পরিবেশে, দুর্গন্ধমুক্ত পরিবেশে কেনাকাটা করতে পারেন তা নিশ্চিত করার দায়িত্ব ওই ব্যবসায়ী বা মার্কেট কর্তৃপক্ষের।’ প্রধান অতিথি বলেন,‘অপরিচ্ছন্ন পরিবেশের কারনে যদি মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে আমরা কেউ এই দুর্যোগ থেকে মুক্ত থাকতে পারবো না। তাই আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই শহরকে যতটুকু সম্ভব পরিচ্ছন্ন করে তোলবো।’
শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এই অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ড. মোহাম্মদ আমিনুল হক সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। এছাড়াও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা শেষে হাসপাতাল প্রাঙ্গণে হবিগঞ্জ পৌরসভা ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার মশক নিধন টিমের মাধ্যমে কম্পাউন্ডে মশার ঔষধ স্প্রে করা হয়।**

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *