হবিগঞ্জ নিবন্ধনকৃত টমটম চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার আয়োজনে দুইদিন ব্যাপী ঐ প্রশিক্ষণ শুরু হয়। পৌরসভার ১৩০০ চালকদের মধ্যে ৬৫০ টি টমটমের চালকদের প্রশিক্ষণ দেয়া হয় প্রথম দিন। বুধবার দ্বিতীয় দিন দেয়া হবে বাকি ৬৫০ জন চালকের প্রশিক্ষণ । এদিন প্রশিক্ষণে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। মঙ্গলবার প্রথম দিন প্রশিক্ষণ পরিচালনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও সদর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুন নুর। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। চালকদের আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা এই প্রশিক্ষণের আয়োজন করে।











