পুরাতন খোয়াই নদীর অবৈধ দখলকারদের তালিকা তৈরী করা হবে। যারা অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে উচ্ছেদের আওতায় নিয়ে এসে পুরাতন খোয়াই নদীর যে জৌলুস সেটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করবো।’-হবিগঞ্জ শহরের সবুজবাগ পুরাতন খোয়াই নদীর পাড়ে শনিবার সকালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। তিনি বলেন, ‘সরকারী সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীকে দখলমুক্ত করার চেষ্টা করবো।’ তিনি আরো বলেন,‘শহরকে পরিচ্ছন্ন রাখতে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা’র হবিগঞ্জ সভাপতি প্রফেসার ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, রাজনৈতিক ও সামাজিক সংগঠক সৈয়দ মুশফিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। বক্তারা হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পরিচালিত কর্মসূচীর প্রশংসা করেন। সাথে সাথে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পৌরসভার পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে তারা নাগরিকদেরকেও দায়িত্বশীল ও ইতিবাচক ভুমিকা রাখার আহবান জানান।











